প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন চার সদস্য হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপি জানিয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সদস্যরা তাঁদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
রুহুল কবির রিজভী এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দলটির যুগ্ম মহাসচিব ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রিজভী ছাত্রজীবন শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন।
আমানউল্লাহ আমান এতদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসেন। তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
ডা. ফরহাদ হালিম ডোনারও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়কও।
অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি সরকারের জনপ্রশাসন উপদেষ্টা পদে রয়েছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে কয়েকটি পদ শূন্য হওয়ার পর নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করা হলো। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দেওয়ার পর তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এ ছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় আরেকটি পদ শূন্য হয়।
অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে পারছেন না। অন্যদিকে মাহবুবুর রহমানও বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন। এমন পরিস্থিতিতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে চার নতুন নেতাকে অন্তর্ভুক্ত করল বিএনপি।
মন্তব্য করুন