প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার দুর্ঘটনায় দুই সেনাসদস্যের প্রাণহানির পর দেশটির সেনাবাহিনী দেশজুড়ে সব ধরনের অ্যাপাচি প্রশিক্ষণ ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১৫ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে ফোর্ট হুড সেনাঘাঁটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পূর্ণরূপে উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে অ্যাপাচি প্রশিক্ষণ কার্যক্রমে এই বিরতির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
ঘটনার তদন্তভার নিয়েছে আর্মি কমব্যাট রেডিনেস সেন্টার। সংস্থাটির তদন্তকারী দল ইতিমধ্যে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং পুরো প্রক্রিয়াটি তদারকি করবে তারাই।
এএইচ-৬৪ অ্যাপাচি মূলত একটি আক্রমণকারী হেলিকপ্টার, যা দুই সদস্যের ক্রু দ্বারা পরিচালিত হয়, পেছনের আসনে থাকেন পাইলট, আর সামনের আসনে বসেন কো-পাইলট ও গানার।
ফোর্ট হুড কর্তৃপক্ষের বরাত অনুযায়ী, দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের নাম প্রকাশ করা হয়েছে, ৩৪ বছর বয়সী চিফ ওয়ারেন্ট অফিসার-২ ডিওন্ট্রে হিউই এবং ২৫ বছর বয়সী ওয়ারেন্ট অফিসার শেঠ ওলমস্টেড। তাঁরা উভয়েই ফোর্ট হুডে কর্মরত ১ম ক্যাভালরি ডিভিশনের অধীন ১ম ক্যাভালরি এভিয়েশন ব্রিগেডের ১ম ব্যাটালিয়ন, ২২৭তম এভিয়েশন রেজিমেন্টের ব্রাভো কোম্পানির সদস্য ছিলেন।
মন্তব্য করুন