প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে শনিবার (১০ অক্টোবর) তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি৯।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের নেত্রী দোলা সেন ও নেতা ডেরেক ও’ব্রায়েনসহ অন্যরা।
পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের ধর্না প্রত্যাহার করে সরে যেতে বলে। তবে তাঁরা অবস্থান চালিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের অন্য নেতাদের আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আটক নেতাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের কোথায় নেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একই দিনে দিল্লি পুলিশ কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্ধারিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি আটক হন।
দিল্লিতে বিরোধী নেতাদের আটকের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
মন্তব্য করুন