প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বিমানের আসনে পাশাপাশি বসে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে থাকা ছবি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মনে প্রশ্ন জাগে, হঠাৎ কোথায় যাচ্ছেন এই দুই তারকা?
অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন মিথিলা। তাঁর ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, নতুন কোনো সিনেমার শুটিংয়ে নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিতেই ঢাকা ছেড়েছেন তাঁরা। ইতোমধ্যে দুই তারকা নিউইয়র্কে পৌঁছেছেন।
ফেসবুকে বিমানে তোলা ছবির পাশাপাশি অনুষ্ঠানের আনুষ্ঠানিক পোস্টারও শেয়ার করেছেন মডেল ও অভিনেত্রী মিথিলা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’
শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল আগুন। অন্যদিকে, একই সিনেমায় মিথিলা অভিনয় করেছিলেন এলিনা চরিত্রে। সেই দুই চরিত্রের নাম উল্লেখ করেই নিউইয়র্ক যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।
মন্তব্য করুন