প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন ও ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হয়েছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এবার সেই বডি শেমিং ও নেতিবাচক মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর মতে, অন্যের মতামতকে নিজের আত্মমর্যাদা ও সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়।
লন্ডনে নিজের প্রসাধনী ও ত্বকের যত্নের ব্র্যান্ড ‘কে বিউটি’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সৌন্দর্যবিষয়ক প্রভাবকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন ক্যাটরিনা।
সামাজিক যোগাযোগমাধ্যমের অযাচিত মন্তব্য কীভাবে মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের আত্মমর্যাদাকে যেন সামাজিক মাধ্যমের মন্তব্যগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে খুব সতর্ক থাকা দরকার। সেখানে এত বেশি মতামত থাকে যে আপনি যদি সবার মন জুগিয়ে চলতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ক্যাটরিনা বলেন, ‘ব্যক্তিগতভাবে, সমালোচনাকারীদের কথা শুনে যদি আমি চলতাম, তবে ভয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তাম এবং জীবনের কোনো ক্ষেত্রেই সামনে এগিয়ে যেতে পারতাম না।’
তারকা জীবনের উত্থান-পতনের দিক তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘এমন সময় আসে যখন বিশ্ব আপনাকে মাথায় তুলে রাখবে, আবার এমন সময়ও আসে যখন নিজের সবচেয়ে বড় চিয়ারলিডার আপনার নিজেকেই হতে হবে।’
ক্যাটরিনা সবাইকে বাইরের মানুষের মতামতের ওপর নির্ভর না করে নিজের ভেতর থেকে আত্মবিশ্বাস খুঁজে নেওয়ার আহ্বান জানান। তাঁর প্রসাধনী ব্র্যান্ড কে বিউটির স্লোগান ‘ইটস কে টু বি ইউ’-এর মূল ভাবনা ব্যাখ্যা করে তিনি বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে নিজের বর্তমান অবস্থাকে সত্য হিসেবে মেনে নেওয়া এবং নিজেকে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গত বছরের শেষ দিকে পুত্রসন্তান বিহানের জন্ম দেন ক্যাটরিনা। সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হওয়ার পর তাঁদের কিছু ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর তাঁর প্রসবোত্তর শারীরিক পরিবর্তন ও ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি শুরু হয়।
তবে এ সময়ে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকা। সালমান খান ও পরিণীতি চোপড়াসহ অনেকে বডি শেমিংয়ের নিন্দা জানান। বিশেষ করে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে সালমান খান সন্তান জন্ম দেওয়ার পর নারীদের শরীর নিয়ে বিচার করার প্রবণতার সমালোচনা করেন।
ক্যাটরিনাকে সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা এবং আত্মবিশ্বাস ও আত্মগ্রহণযোগ্যতার বার্তা ছড়িয়ে দেওয়ার দিকেও মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন