তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৫:১৬ পিএম

অনলাইন সংস্করণ

ইসি পুনর্গঠন ও বিচারের হুঁশিয়ারি এনসিপির, ‘জালিয়াতির’ অভিযোগ পাটওয়ারীর

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ তুলে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ভবিষ্যতে বিচারের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, আরেকটি গণঅভ্যুত্থান সংঘটিত হলে সবার আগে ইসিকেই পুনর্গঠন করা হবে। তিনি বলেন, ‘সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে।’

আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং প্রধানমন্ত্রীর আশীর্বাদেই বর্তমান কমিশন টিকে আছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, এসব নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ না হলে তাঁর দল কঠোর আন্দোলনে নামবে। কোনো ধরনের অনিয়ম ঘটলে বর্তমান কমিশনকেও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

এনসিপির এই শীর্ষ নেতা জাতীয় নির্বাচনের সময়কার একটি ঘটনা উল্লেখ করে দাবি করেন, নির্বাচনের দিন প্রকাশ্যেই প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো ভোট কৌশল নির্ধারণ করেছে। তিনি বলেন, ‘নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কীভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে, সেটা এ বাংলাদেশ দেখেছে।’

ভোট পরবর্তী এক উত্তপ্ত পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘যখন আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনের সামনে ৫ থেকে ৬ হাজার লোক নিয়েছিলো, আমি ডাক দিলে সেখানে ৫০ হাজার থেকে ১ লাখ লোক আসতো। এতে সেখানে একটা রক্তাক্ত মারামারি হতো, অনেকগুলো লাশ পড়তো।’ কেন তিনি সেই পথে যাননি, সে ব্যাখ্যায় পাটওয়ারী বলেন, ‘আমি শুধু একটা কারণে সরে আসছি, যদি ওই হাসপাতালে গিয়ে কোনো বাবার ছেলে মারা যেতো, আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না।’ তবে এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তো ইনশাআল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে, এই নির্বাচনে যারা এই নির্বাচন কমিশনে নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার আমরা ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে করবো।’

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির অন্য কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন কঠোর মন্তব্য আগামী দিনের রাজনৈতিক উত্তাপেরই ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন