আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ১১:৩১ এ এম

অনলাইন সংস্করণ

ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খ্যাতনামা পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের শিশু ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের নির্মম মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের এনআইসিইউ (নার্সারি) অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় নার্সারিতে মোট ১৬টি নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ায় মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, বাকি ১৫ নবজাতকই আগুনে দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারায়।

প্রাথমিক তদন্ত ও হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, নার্সারির ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পরই পুরো ওয়ার্ডে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলের উত্তাপ কমাতে পানি ছিটানোসহ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় পুরো হাসপাতাল এলাকা ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। ঘটনাটির তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন