প্রকাশিত: ৪৭ মিনিট আগে, ১০:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
হঠাৎ করেই রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী বোয়িং ‘সি-১৭’ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ করে। বিমানটি অবতরণের বিষয়ে ক্রেমলিন প্রথমে কোনো তথ্য নেই বলে জানালেও কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের গোপন সফরের বিষয়টি প্রকাশ পায়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে তিনি মস্কো সফর করেছেন।
তবে এই সফরের মূল উদ্দেশ্য বা তিনি রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন—সে বিষয়ে ওয়াশিংটন কিংবা মস্কো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে লাটভিয়া হয়ে মস্কো পৌঁছানো সেই মার্কিন সামরিক বিমানটি পুনরায় লাটভিয়ায় ফিরে যায়। এছাড়া সামাজিক মাধ্যমে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহরের চলাচল দেখা গেলেও তা র্যাটক্লিফের কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রতিনিধিদলের মস্কো সফর নিয়ে আগেই ইউক্রেনকে অবহিত করেছিল যুক্তরাষ্ট্র। এমনকি তারা রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয়েছিল বলে তিনি দাবি করেন। মস্কোয় সাবেক ব্রিটিশ সামরিক সদস্য জন ফোরম্যান মনে করেন, এই আকস্মিক সফরের মূল উদ্দেশ্য হতে পারে চরম উত্তেজনা নিয়ন্ত্রণ কিংবা রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির আলোচনা।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর র্যাটক্লিফই রাশিয়া সফর করা সবচেয়ে উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তা। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের সম্পর্ক তীব্র উত্তপ্ত থাকলেও, এর আগে বন্দিবিনিময় চুক্তির ক্ষেত্রে সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
মন্তব্য করুন