প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৮ এ এম
অনলাইন সংস্করণ
ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি।
ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। এটি গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। জাহাজটিতে ওড়িশা থেকে তোলা প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
জাহাজের ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
এ ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজ এবং শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরেকটি জাহাজ অভিযানে যুক্ত করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র্যাফট থেকে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকে সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন