তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৬ এ এম

অনলাইন সংস্করণ

তথ্য মন্ত্রণালয় ছাড়লেন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর সমমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

সরকার গঠনের ছয় মাস পর শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভার আকার বাড়ানো হয়। এতে নতুন পাঁচজন সদস্য যুক্ত হন এবং একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রী করা হয়। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

এর আগেই স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। তাকে নিয়ে বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

এই তালিকায় জহির উদ্দিন স্বপন ছাড়াও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও মো. রুহুল কবির রিজভী। তাদের মধ্যে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী যথাক্রমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

মন্তব্য করুন