আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৫ এ এম

অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয়বার একই ছবি শেয়ার, হরমুজ নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য

হরমুজ প্রণালিকে আবারও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ-সংক্রান্ত একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে প্রণালিটিকে ‘নিউ ইউএস টেরিটরি’ বা ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকাশিত ছবিতে মধ্যপ্রাচ্যের মানচিত্রে হরমুজ প্রণালিকে ঘিরে চিহ্নিত করে এর ওপর ‘নিউ ইউএস টেরিটরি’ লেখা দেখা যায়।

গত এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বার ট্রাম্প একই ধরনের ছবি শেয়ার করলেন। তবে সর্বশেষ পোস্টে তিনি কোনো মন্তব্য বা ক্যাপশন যুক্ত করেননি।

এর আগের দিন দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, তিনি বর্তমানে হরমুজ প্রণালিকে ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে দেখছেন। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে পরিবাহিত হয়। এই কৌশলগত জলপথ নিয়ে এমন মন্তব্য আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন