তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৩:০১ পিএম

অনলাইন সংস্করণ

কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ, বাকিদের পরিচয় শনাক্তের কাজ এখনো চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৯ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।

এর আগে বুধবার রাতে কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত নয়জনের মধ্যে পাঁচজনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছে পুলিশ, যাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। নিহতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে উপ-হাইকমিশন।

তবে বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ, যা শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনা-পরবর্তী সময়ে বাংলাদেশিদের সার্বক্ষণিক সহায়তা দিতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রক্ষা করে চলেছেন। পাশাপাশি একটি সার্বক্ষণিক হেল্প লাইনও চালু করেছে উপ-হাইকমিশন।

সার্বিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।

মন্তব্য করুন