তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:১১ পিএম

অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে ‘উসকানিমূলক’ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ইদলিবের আবু আল দুহুর বিমানঘাঁটিতে চালানো এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে আরও গভীর ঝুঁকিতে ফেলতে পারে।

বিবৃতিতে সিরিয়ার প্রতি ‘অটল সংহতি’ প্রকাশ করে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং শান্তি-সমৃদ্ধির প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ। পাশাপাশি ইসরায়েলি বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে, সঙ্গে অঞ্চল অস্থিতিশীল করার কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবিও তুলেছে দেশটি।

এর আগে মঙ্গলবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান ইদলিবের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে মোট আটটি বিমান হামলা চালায়, যাতে বিমানঘাঁটির অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ আখ্যা দিয়ে সতর্ক করেছে যে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন দূত থমাস ব্যারাকও এই হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ হিসেবে অভিহিত করেছেন, যা তার মতে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো ইতিবাচক ভূমিকা রাখে না।

মন্তব্য করুন