ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়াই কাল হলো
দুষ্কৃতকারীর গুলিতে নিহত পাকিস্তানি টিকটক তারকা শামসো বিবি
পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীর গুলিতে নিহত হয়েছেন। পাকিস্তানের স্বাধীনতা দিবসে (১৪ আগস্ট) ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৮ বছর বয়সে আকস্মিকভাবে না-ফেরার দেশে চলে গেলেন এই কনটেন্ট ক্রিয়েটর।
আসল নাম শামসো বিবি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত ছিলেন আয়েশা গিলামানা নামে, যার অনুসারীর সংখ্যা ছিল ১৩ লাখেরও বেশি। রাওয়ালপিন্ডির তক্ষশীলা শহরে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ভাই নিয়ামাতুল্লাহ।
জানা যায়, ঘটনার দিন কাশিফ নামের এক যুবকের ফোন পেয়ে ভাই নিয়ামাতুল্লাহ ও বোন আসিমাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন শামসো বিবি। এর কিছুক্ষণ পরই এক পেট্রোল পাম্পের কাছে মোটরবাইকে চড়ে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তারকার, একই ঘটনায় গুরুতর আহত হন তার বোনও।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে শামসোর ওপর হামলার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে, যদিও এর সত্যতা এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।
শামসোর পরিবারের অভিযোগ, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির কাছে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এর আগেও প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন এই তারকা।
রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন শামসোর পরিবার ও তার অনুরাগীরা।