তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৪:৪০ পিএম

অনলাইন সংস্করণ

স্বামীর মৃত্যুতে মানবিক কারণে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

ছবি: সংগৃহীত

স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা প্রশাসক তার স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে করা আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন। পরিবারের পক্ষ থেকে আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম একইদিন দুপুরে প্যারোলে মুক্তির আবেদন করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

আইনজীবী জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের অনুমোদনের পর কারাগার থেকে তাকে মুক্তির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

মন্তব্য করুন