আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪০ মিনিট আগে, ১০:১৭ এ এম

অনলাইন সংস্করণ

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, নি*হ*ত ৯

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং এক শিশু রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হোটেলটির চারতলায় আগুনের সূত্রপাত হয়। বুধবার ভোর ৩টার দিকে দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে দমকলমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় অধিকাংশ অতিথি কক্ষে ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা স্পষ্ট দেখা না গেলেও ঘন কালো ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই বেরিয়ে আসার চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, হোটেলের প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটে এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়। এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই অচেতন অবস্থায় ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশিরভাগ নিহতের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন থাকলেও শ্বাসরোধ হয়ে মৃত্যুর সম্ভাবনাই বেশি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন