প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ এবং সার্বিকভাবে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই কেবল প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।
তিনি আরও জানান, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতসহ অন্যান্য পলাতক আসামিদের ফিরিয়ে আনার অনুকূল পরিস্থিতি তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
একেএম শহীদুল করিমের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগেই এই অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিল্লিকে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হলো।
মন্তব্য করুন