তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা, নেতৃত্বে ভারপ্রাপ্ত স্পিকার

সংগৃহিত ছবি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬-কে ঘিরে মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনটিকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে অভিহিত করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, 'রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।'

এই প্রস্তুতিমূলক সভায় অংশ নেন সংসদের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব— বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি, এবং হুইপগণ মো. জি কে গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি।

আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি। সভায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, নির্বাচন সংক্রান্ত যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ-সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধনসহ কার্যবিবরণী চূড়ান্ত করা হয়। পাশাপাশি নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার বিষয়েও পরামর্শ দেওয়া হয় সভায়।

উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) সংসদ কক্ষেই অনুষ্ঠিত হবে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে প্রধান নির্বাচন কমিশন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন