প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:১৯ এ এম
অনলাইন সংস্করণ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে চার গোল করতে পারেনি দলটি। কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে এই জয়ে নতুন ইতিহাসের স্বাদ পেল স্বাগতিকরা।
তারকাখচিত গ্যালারির সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় তারা। ম্যাককেনির পাস থেকে তৈরি হওয়া আক্রমণে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের ডিফেন্ডার বোবাদিয়া।
এরপর ফ্লোরিয়ান বালোগানের একটি গোল অফসাইডে বাতিল হলেও দ্রুতই তিনি নিজের নাম স্কোরশিটে তোলেন। পুলিসিকের পাস থেকে বক্সে ঢুকে প্রথম ছোঁয়াতেই গোল করেন বালোগান। প্রথমার্ধের শেষ দিকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। আলমিরনের একটি ঘটনায় প্রথমে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার রিমকে হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। উল্টো অভিনয়ের দায়ে হলুদ কার্ড দেখেন আলমিরন।
বদলি হিসেবে নেমে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ করেন মাউরিসিও। আলমিরনের পাস থেকে নিখুঁত ফিনিশে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। তবে ম্যাচের শেষদিকে জিও রেইনার গোলে যুক্তরাষ্ট্র ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে।
মন্তব্য করুন