প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লাকসামে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দৌলতপুর টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ মাঠে এ আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়েম সেতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার আবদুল লতিফ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ সুজন এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক বাকির আহাম্মেদ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আবদুল লতিফ বলেন, শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। সঠিক প্রস্তুতি, সময়ের সদ্ব্যবহার এবং আত্মবিশ্বাস থাকলে ভালো ফলাফল অর্জন সম্ভব। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিকতার সঙ্গে জীবন গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ সুজন বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সকল শিক্ষার্থীর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে মোট ৩০ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
মিলাদ পরিচালনা করেন কারী মোঃ আব্দুর রশিদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক শিক্ষক কাজী আমির।
মন্তব্য করুন