প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জরুরি বৈঠক শেষে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বাস্তবে দেশে জ্বালানি তেলের মজুত সম্পূর্ণ স্বাভাবিক। তিনি বলেন, “সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে সব ধরনের তেলের পর্যাপ্ত ভাণ্ডার রয়েছে।”
সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে আগামী ৯ মার্চ দেশে দুটি বড় জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। মন্ত্রী জানান, নিয়মিত আমদানির পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে।
ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় ও প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা নিয়ে মন্ত্রী সতর্ক করে বলেন, “প্যানিক হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করলে বাজারে কৃত্রিম চাপ তৈরি হয়। দয়া করে কেউ গুজবে কান দেবেন না।”
জ্বালানি তেলের বাজারে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা অতিরিক্ত দাম আদায় রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মন্ত্রী ঘোষণা দেন, জনভোগান্তি কমাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে আগামীকাল (রোববার) থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সরকার সার্বক্ষণিক বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি বিভাগ প্রস্তুত রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
মন্তব্য করুন