প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৬ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানীতে আয়োজিত আন্তর্জাতিক হাঁটু সম্মেলনে স্বাস্থ্য খাতে সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সরকার কোনো আপস করবে না এবং সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘২য় ঢাকা আন্তর্জাতিক হাঁটু সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমির আয়োজনে এবং আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় ছাড়া স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার-স্পেশালাইজেশনের এই যুগে চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকায়ন না করলে ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা পূরণ কঠিন হয়ে পড়বে। এ কারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগ। তবে এ তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে চিকিৎসা গবেষণা ও সেবার মান উন্নয়নে এই ধরনের সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন তারা।
সম্মেলনে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ফেলোশিপ প্রদান করা হয় এবং ‘সেভ ইয়োর নি’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষ চিকিৎসক ও বিশেষজ্ঞরা অংশ নেন।
মন্তব্য করুন