তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

ট্রলিতে ৪ কেজি ‘কুশ’ ফেলে পালাল দুই ভারতীয়, একজন গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় ট্রাভেল ট্রলিতে ফেলে রাখা ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই ভারতীয় নাগরিক পাসপোর্টের ফটোকপিসহ ট্রলি ফেলে পালিয়ে গেছে।

ডিএনসি জানায়, গত মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় একটি বিশেষ দল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতের নাগরিক আকাশ দুবে ও আকাশ পান্ডে বিমানবন্দরে নামেন। ডিএনসির উপস্থিতি টের পেয়ে তারা দুটি ট্রাভেল ট্রলি ও পাসপোর্টের ফটোকপি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রলি দুটি তল্লাশি করে মোট ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ উদ্ধার করা হয়। পলাতক দুই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে পৃথক আরেক অভিযানে একই এলাকায় শনিবার বিকালে ৩ কেজি ‘কুশ’সহ হুসাইন আবদুল কাদার শেখ (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা।

ডিএনসি জানায়, সন্দেহভাজন হিসেবে আটক করার পর তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো অবস্থায় মাদকটি উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড, সিমসহ একটি স্মার্টফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ ও ৪০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানিয়েছেন, বাংলাদেশের কয়েকজনের সঙ্গে যোগসাজশে মাদক চোরাচালানের পরিকল্পনা করেছিলেন তিনি। তার বিরুদ্ধেও বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন