তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১২ পিএম

অনলাইন সংস্করণ

শিশু আছিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল শুনানি শুরু

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন (ডেথ রেফারেন্স) ও আসামির আপিল শুনানি হাইকোর্টে চলছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে আসামিপক্ষের শুনানি শুরু হয়।

আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করছেন। এর আগে গত ১১ আগস্ট একই বেঞ্চে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।

মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে অপর তিন আসামি—সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

রায়ের পর মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।

নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০২৬ সালের ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন। এই মামলাটিও সেই অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

মন্তব্য করুন