প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান ও রাজ্যসভায় প্রার্থী হওয়া ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনা চলছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে কোয়েলকে ইঙ্গিত করে একাধিক প্রশ্ন ও অভিযোগ তুলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
সোমবার (৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কোয়েল মল্লিক। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় ছিলেন এবং গত বিধানসভা নির্বাচনের পর কয়েক মাসের মধ্যে পদত্যাগ করেন।
কোয়েলের দলবদল ও রাজ্যসভার প্রার্থী হওয়ার খবরের পর ফেসবুকে একটি পোস্ট দেন রূপাঞ্জনা। সরাসরি কোয়েলের নাম না নিলেও পোস্টে ‘মিতিন মাসি’ চরিত্র ও সংশ্লিষ্ট একটি পুরোনো ঘটনার প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন তিনি।
রূপাঞ্জনা লেখেন, ‘তিতিন মাসি'র (পড়ুন মিতিন মাসি) ফ্লোরে একজন অভিনেত্রী মলেস্টেড হওয়ার অভিযোগ উঠেছিল— তারপর কী হয়েছিল? তিতিন মাসির তরফ থেকে কোনো জোরালো প্রতিক্রিয়া এসেছিল? সেই অভিনেত্রীর পাশে দাঁড়ানোর দৃশ্য আমরা মিস করে গেলাম, নাকি সেটা ওটিটির এক্সক্লুসিভ কনটেন্ট ছিল?’
‘মিতিন মাসি’ ছবির শুটিংয়ের সময় পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এক অভিনেত্রী অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন বলে রূপাঞ্জনার পোস্টে উল্লেখ করা হয়। ওই ঘটনায় কোয়েল মল্লিকের নীরবতার প্রসঙ্গও তোলা হয়েছে।
কোয়েলের রাজনীতিতে আসা এবং দ্রুত রাজ্যসভার প্রার্থী হওয়ার বিষয়টিকে ‘প্যারাশুট ল্যান্ডিং’ বলে কটাক্ষ করেন রূপাঞ্জনা। তিনি লেখেন, ‘সংসদীয় রাজনীতির অ-আ-ক-খ না জেনেও যখন প্যারাশুট ল্যান্ডিং হয়, তখন বুঝতে অসুবিধা হয় না—রানওয়ে আগেই পরিষ্কার ছিল।’
এ ছাড়া ইন্ডাস্ট্রিতে বকেয়া পারিশ্রমিক, তোষামোদ ও পারিবারিক প্রভাবের প্রসঙ্গও তোলেন রূপাঞ্জনা। তিনি লেখেন, ‘সহকর্মীর পাশে দাঁড়ানোর সময় নীরবতা, শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পেমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষা—তারপর পাবলিকের সামনে ইমেজ পলিশিং এমন পর্যায়ে যে, মনে হয় মাছের তেলে মাছ ভাজা নয়, মাছই এবার নিজের তেল নিয়ে প্রেস কনফারেন্স করছে!’
পারিবারিক ঐতিহ্য নিয়ে প্রশ্ন উঠলে ‘ইমিউনিটি’র অজুহাত দেওয়া হয় বলেও অভিযোগ করেন রূপাঞ্জনা। একই সঙ্গে ‘চিরস্থায়ী তেল-সরবরাহকারী’দের নিয়েও কটাক্ষ করেন তিনি।
২০১৯ সালের রাজনৈতিক তিক্ততার প্রসঙ্গ টেনে রূপাঞ্জনা নিজের পুরোনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমি কিছুই ভুলিনি। আজ যারা অন্যকে একঘরে করতে বা তোষামোদে ব্যস্ত, কাল হয়তো তারাই ভাববেন— এত তেল ঢাললাম… গাড়িটা গেল কোথায়?’
কোয়েলের বিজেপিতে যোগদান ও রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে যখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তখন রূপাঞ্জনার এই পোস্ট নতুন করে টালিউডের অন্দরমহলের বিতর্ক সামনে এনেছে।
মন্তব্য করুন