অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৬:৫০ পিএম

অনলাইন সংস্করণ

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে দীনেশ ত্রিবেদী, মোদির সঙ্গে বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে বিবিসি বাংলা।

দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে ঢাকার বর্তমান অবস্থান নয়াদিল্লির কাছে তুলে ধরতেই ত্রিবেদীর এই সফর। সোমবার (৫ অক্টোবর) রাতের বিমানে তিনি ঢাকা থেকে দিল্লি পৌঁছান।

তবে ত্রিবেদীর এই সফর বা মোদির সঙ্গে বৈঠক নিয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মোদির কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীনেশ ত্রিবেদী ভারতের একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত হাইকমিশনার। ২০২৬ সালের এপ্রিলে তাকে বাংলাদেশের জন্য ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয় এবং জুনে তিনি ঢাকায় দায়িত্ব নেন।

প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নিয়োগের কারণে দিল্লিতে গেলে ত্রিবেদী সাধারণ ক্যারিয়ার কূটনীতিকদের মতো শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট না করে সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যোগাযোগ করেন। এর আগেও আগস্টে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও সফরটি এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি বলেছেন, উপযুক্ত পরিবেশ ও পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে।

দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি। ঢাকার এই দাবির বিষয়ে দিল্লির অবস্থানও দুই দেশের সম্পর্কে আলোচিত ইস্যু হয়ে রয়েছে।

এর পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়েও দুই দেশের আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা; বাংলাদেশ নতুন চুক্তিতে নিজেদের জাতীয় স্বার্থের প্রতিফলন চায়।

মন্তব্য করুন