বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৫:১৮ পিএম

অনলাইন সংস্করণ

জামদানি শাড়িতে নতুন সাজে পূর্ণিমা

রুপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি রয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমার। অভিনয়ে ব্যস্ততা কমলেও ভক্ত-অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে পূর্ণিমার আলাদা একটি পরিচিতি রয়েছে। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ভালোবাসার লাল গোলাপ’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় এখনো দর্শকের মনে জায়গা করে আছে।

অভিনয়ের পাশাপাশি পূর্ণিমার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সও ভক্তদের নজর কাড়ে। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া কিংবা আধুনিক সাজ—সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিটি উপস্থিতিতেই থাকে আলাদা নান্দনিকতা।

এবার জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিতে তাকে দেখা গেছে বাঙালি নারীর চিরচেনা সাজে। নান্দনিক জামদানি শাড়ির সঙ্গে মাথার খোপায় ফুলের মালা তার সাজে যোগ করেছে স্নিগ্ধতা ও আভিজাত্য।

ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন—‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য...’। ছোট্ট এই ক্যাপশনেই যেন নিজের সাজের প্রতি ভালো লাগার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

পূর্ণিমার এবারের সাজে চোখে পড়েছে স্বাভাবিক সৌন্দর্যের ওপর জোর। অতিরিক্ত চাকচিক্যের বদলে জামদানির ঐতিহ্য ও খোপায় ফুলের মালার সরল সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীদের অনেকেই। বাঙালি ঐতিহ্য ও নিজের সৌন্দর্যের মেলবন্ধনে পূর্ণিমার এই সাজ যেন আরও একবার মনে করিয়ে দিল—ফ্যাশন বদলালেও জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।

মন্তব্য করুন