রিয়াদ হোসাইন লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১১:৪১ এ এম

অনলাইন সংস্করণ

লাকসামে ২৫০ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

কুমিল্লার লাকসামে ২৫০ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাকসামে এ কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর অনুষ্ঠানে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। একই অনুষ্ঠানের সঙ্গে দেশের বিভিন্ন উপজেলা ভার্চুয়ালি যুক্ত ছিল।
এর অংশ হিসেবে লাকসাম উপজেলার নির্বাচিত ২৫০ জন কৃষক কৃষক কার্ড গ্রহণ করেন। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ, কৃষিঋণ, কৃষিযন্ত্রসহ বিভিন্ন সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
লাকসামে আয়োজিত ভার্চুয়াল সংযোগ ও কার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর পাইলট পর্যায়ে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে।

মন্তব্য করুন