বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবার, ২০২৬, ০৫:৩১ পিএম

অনলাইন সংস্করণ

রিহার্সালের নামে একা ডাক, মাঝরাতে দরজায় পরিচালক—তিক্ত অভিজ্ঞতা স্বরার

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের মুখোমুখি হয়েছিলেন বলে জানিয়েছেন। তার দাবি, একপর্যায়ে ওই পরিচালক তাকে আপত্তিকর প্রস্তাবও দেন, যা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন।

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন স্বরা ভাস্কর। তিনি জানান, ঘটনাটি তাকে মানসিকভাবে বেশ ধাক্কা দিয়েছিল।

অভিনেত্রী বলেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর তিনি একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সেই সিনেমার কাজের সময়ই পরিচালকের আচরণে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

স্বরা জানান, একদিন রোমান্টিক দৃশ্যের রিহার্সালের কথা বলে পরিচালক তাকে একা ডেকে পাঠান। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে মেসেজ করা এবং কবিতা পাঠানোর মতো কাজও করতেন তিনি।

অভিনেত্রী বলেন, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম— রিহার্সালের সময় আর কারা থাকবেন? তখন পরিচালক বলেন— ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম— না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপারসনকে ডেকে নেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?

স্বরা আরও জানান, এরপর গেস্ট হাউজে গিয়ে তিনি দেখেন পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদপান করছেন। সে সময় চিত্রনাট্য পড়ে কোনোমতে সেখান থেকে বের হয়ে নিজের ঘরে চলে যান তিনি।

তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য, মাঝরাতে ওই পরিচালক তার দরজায় কড়া নাড়তে শুরু করেন।

স্বরা ভাস্কর বলেন, ‘মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, আমার মনে হয়েছিল— পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরেই ঢুকে পড়বেন। শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হই। এরপর মদ্যপ অবস্থায় ওই পরিচালক আজব আবদার করে বসেন। জিজ্ঞেস করেন— ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’

স্বরা জানান, পরিচালকের এমন আচরণ ও প্রস্তাবে তিনি সরাসরি আপত্তি জানান। ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া ওই ঘটনাটি তার জন্য ছিল অত্যন্ত অস্বস্তিকর ও মানসিকভাবে আঘাতের।

মন্তব্য করুন