প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ছোটপর্দার ‘রিমলি’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন ইধিকা পাল। এরপর টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের অভিনেতা শাকিব খানের ‘প্রিয়তমা’ হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করে ক্যারিয়ারে নতুন মোড় আনেন তিনি।
বর্তমানে দুই বাংলাতেই পরিচিত মুখ ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর টালিউডের অভিনেতা দেবের সঙ্গে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান তিনি। সিনেমাটিতে দেবের ‘কিশোরী’ চরিত্রে দেখা যায় তাকে।
এরপর ‘রঘু ডাকাত’-এর মতো আলোচিত সিনেমাতেও অভিনয় করেছেন ইধিকা। ‘দেশু৭’ সিনেমায় আইটেম গার্ল হিসেবেও দেখা গেছে তাকে। একের পর এক বড় প্রজেক্টে কাজ করে বর্তমানে টালিপাড়ায় নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
তবে পর্দায় যে নামে পরিচিতি পেয়েছেন, সেটি তার জন্মনাম নয়। অভিনয়জীবনের শুরুর দিকে ইধিকা পাল ‘টুম্পা পাল’ নামেই পরিচিত ছিলেন।
‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’ ধারাবাহিকে অভিনয়ের সময় তাকে ‘টুম্পা’ নামেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বড়পর্দায় আত্মপ্রকাশের আগে নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
জানা যায়, ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় পর্দার জন্য একটু আলাদা নাম বেছে নিতে চেয়েছিলেন ইধিকা। সেই ভাবনা থেকেই ‘ইধিকা’ নামটি গ্রহণ করেন তিনি।
‘ইধিকা’ দেবী পার্বতীর একটি নাম বলে জানা যায়। নামটির অর্থ পবিত্র ও সুন্দর। এরপর থেকেই ‘ইধিকা পাল’ নামেই অভিনয়জগতে পরিচিতি পান তিনি।
বর্তমানে শাকিব খান ও দেবের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করার পাশাপাশি আরও বেশ কিছু আলোচিত সিনেমায় যুক্ত হয়েছেন ইধিকা পাল। আগামীতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া’ ও গোয়েন্দা ‘কানাইচরণ’ সিনেমাতেও তাকে দেখা যাবে।
এ ছাড়া জিতের একটি নতুন সিনেমায় ইধিকাকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো জিৎ বা ইধিকা—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মন্তব্য করুন