প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ
এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানভেদে টানা ছুটির মেয়াদ হতে পারে ১০ থেকে সর্বোচ্চ ১৬ দিন।
তবে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির সূচি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে ছুটির সময় কিছুটা ভিন্ন হতে পারে। তাই চূড়ান্ত সময়সূচির জন্য নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। একইভাবে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক বন্ধ থাকবে।
এরপর ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগ করতে পারবেন শিক্ষার্থীরা।
তবে অ্যাকাডেমিক প্রয়োজন অনুযায়ী ছুটির সময়সূচি পুনর্নির্ধারণের সুযোগ রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের পরবর্তী বিজ্ঞপ্তি থাকলে সেটিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে ছুটির মেয়াদ আরও দীর্ঘ হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-সংক্রান্ত ছুটির সূচি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রাখা হয়েছে।
এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবার দীর্ঘ হচ্ছে। ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটির সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকায় সাপ্তাহিক বন্ধসহ টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।
মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও দুর্গাপূজা উপলক্ষে ছুটি রয়েছে। সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারিত হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির চিত্র ভিন্ন। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত এসব প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।
এ কারণে দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির সময় আলাদা হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে, আবার কোনোটি এর আগে বা পরে অতিরিক্ত ছুটি রাখতে পারে। ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।
তাই বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কতদিন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন