বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩০ পিএম

অনলাইন সংস্করণ

‘অন্তত কারও একটা উপকার হোক’—গুজব নিয়ে শেহনাজের জবাব

রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে দেশজুড়ে পরিচিতি পান মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। এরপর অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জন, মন্তব্যের ভুল ব্যাখ্যা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা প্রায়ই তাকে খবরের শিরোনামে নিয়ে আসে।

তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন শেহনাজ। বরং নিজের স্বভাবসুলভ রসিকতা দিয়েই নেতিবাচক খবর ও নানা গুঞ্জন সামলান বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে নিয়ে নেতিবাচক খবর ও নানা গুজব প্রসঙ্গে প্রশ্ন করা হলে শেহনাজ বলেন, যারা তাকে নিয়ে এসব খবর করেন, তাদের উদ্দেশ্য তিনি বুঝতে পারেন—ভিউ পাওয়া। ভালো খবর দিয়ে যদি তেমন সাড়া না মেলে, তাহলে নেতিবাচক বা চমকপ্রদ শিরোনামের মাধ্যমে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হয় বলে মনে করেন তিনি।

শেহনাজ বলেন, তারা ভিউ চান। খারাপ শিরোনাম না দিলে খবরই বা কীভাবে বিক্রি হবে? আমি যদি কথার মধ্যে কোনো ভুল করে ফেলি, আর সেটাই শিরোনাম হয়ে যায়, তখন আমি শুধু প্রার্থনা করি— আমার কারণে বেচারাদের যেন কিছু ভিউ হয়। এত ভালো কথা বলে তো আমার কোনো লাভ হয়নি, অন্তত কারও একটা উপকার হোক।

অভিনেত্রীর ভাষ্য, অভিযোগের জবাব দেওয়ার বদলে রসিকতা করে বিষয়গুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা তার স্বভাবেরই অংশ। নিজেকে বদলে অন্যের প্রত্যাশা অনুযায়ী চলার চেয়ে নিজের মতো থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

শেহনাজ বলেন, আমি কখনো কাউকে আমাকে প্রভাবিত করতে দিইনি— কীভাবে কথা বলব, হাঁটব বা সংবাদমাধ্যমের সামনে কীভাবে আচরণ করব। আমাকে অনেক কিছু বলা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, তুমি যা, সেটাই থাকো। নিজেকে সত্যি করে তুলে ধরতে পারলে মানুষ তোমাকে গ্রহণ করবে।

নিজের স্বাভাবিক আচরণের একটি উদাহরণও দেন শেহনাজ। তার ভাষ্য, একদিন বিমানবন্দরে দুজন আলাদা ব্যক্তি তাকে বলেছিলেন, তারা শেহনাজ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা করতে চান। বিষয়টি কেন এমন, তা জানতে চাইলে তারা তাকে জানান, দুজনই নিজের মতো থাকেন এবং নিজেদের ভাষাকে ভালোবাসেন।

শেহনাজ বলেন, তারা বললেন— ‘আপনি যেমন, ঠিক তেমনই থাকেন। আপনি নিজের ভাষাকে ভালোবাসেন, তিনিও (শ্রদ্ধা) তেমন।’ তখন আমার মনে হলো— দুজন মানুষ যদি এভাবে ভাবেন, তাহলে আরও কত মানুষ হয়তো একইভাবে ভাবেন।

অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি শুধু জনপ্রিয়তা নয়। কেউ তার জীবনযাত্রা বা ক্যারিয়ারের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেলে এবং তার যাত্রা থেকে অনুপ্রেরণা নিলে সেটিই তার কাছে বেশি বিশেষ বলে জানান তিনি।

শেহনাজ বলেন, মানুষ যখন আমাকে বলে যে তারা আমার যাত্রা থেকে অনুপ্রেরণা পায়, আমার সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়, তখন খুব বিশেষ লাগে।

তিনি আরও বলেন, আমি এত ভালোবাসা পেয়েছি যে কখনো কখনো আমার নিজেরও মনে হয়, নিশ্চয়ই আমি কিছু একটা ঠিক করেছি।

পাঞ্জাবি গণমাধ্যমের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন শেহনাজ। তিনি জানান, আগে পাঞ্জাবি গণমাধ্যম তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে আচরণ করত। এখন সেখানে অনেকে তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন এবং জানান, তিনি তাদের হৃদয় জয় করেছেন।

শেহনাজের ভাষ্য, হিন্দি গণমাধ্যমও তাকে ভালোবাসে। তবে পাঞ্জাবি গণমাধ্যমের সঙ্গে তার সম্পর্কের অনুভূতি কিছুটা আলাদা।

‘বিগ বস ১৩’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া শেহনাজ বর্তমানে হিন্দি ও পাঞ্জাবি বিনোদনজগতে নিয়মিত কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বড় অনুসারী রয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি সিনেমা ‘সিং বনাম কৌর ২’।

মন্তব্য করুন