বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবার, ২০২৬, ০৬:২৯ পিএম

অনলাইন সংস্করণ

ডিপফেকের বিরুদ্ধে লড়াইয়ে আদালতের সুরক্ষা সামান্থার

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। একই সঙ্গে তাকে নিয়ে তৈরি অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সামান্থার করা ব্যক্তিসত্তার অধিকারসংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার এ অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সামান্থার অনুমতি ছাড়া এআই দিয়ে তৈরি ডিপফেক, বিকৃত ছবি ও ভিডিও ব্যবহারের মাধ্যমে তার ব্যক্তিসত্তা ও প্রচার-সংক্রান্ত অধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

আদালত আরও বলেন, ভারতের সংবিধানের ১৯(১)(ক) ও ২১ অনুচ্ছেদের আওতায় সামান্থার মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা ও মানবিক মর্যাদার অধিকার রয়েছে। পাশাপাশি কপিরাইট আইনের আওতায় অভিনয়শিল্পী হিসেবে তার নৈতিক অধিকারও সুরক্ষিত।

সামান্থা তার নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে অনুমতি ছাড়া এআই-নির্মিত ডিপফেক, বিকৃত ছবি ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি এবং ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে আদালতের সুরক্ষা চান। এ জন্য তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের পাশাপাশি প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান ও ই-কমার্স সংস্থার বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলা, ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রকাশ বন্ধ করা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করা হয়েছে। মামলায় প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাসহ মোট ১৮ জন বিবাদী রয়েছেন।

সামান্থার পক্ষ থেকে আদালতে বলা হয়, তার ব্যবসা ও সুনাম মুম্বাইভিত্তিক হলেও বিদেশে থাকা কয়েকজন বিবাদীর কার্যক্রমও মামলার সঙ্গে যুক্ত। এ কারণে মামলাটি বোম্বে হাইকোর্টে করার এখতিয়ার নিয়েও আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়।

অন্তর্বর্তীকালীন আদেশে আদালত সামান্থাকে নিয়ে অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে তার নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

মন্তব্য করুন