প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন। তবে ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পান তিনি।
বর্তমানে সিনেমায় অনিয়মিত হলেও বিভিন্ন শোরুম উদ্বোধন ও ব্রাইডাল ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। এবার এক ব্রাইডাল মেকওভারে কনে সেজেছেন তিনি। তার সঙ্গে বর বেশে ছিলেন অভিনেতা আদর আজাদ।
ব্রাইডাল ফটোশুটে অপু ও আদরকে একসঙ্গে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ মন্তব্য করেছেন, জুটি হিসেবে দুজনকে বেশ মানিয়েছে।
সম্প্রতি অপু বিশ্বাসকে জলপাই রঙের নান্দনিক কারুকাজ করা লেহেঙ্গায় দেখা গেছে। এর সঙ্গে ছিল হলুদ রঙের ওড়না। কানে ও গলায় ভারী অলংকারে পূর্ণতা পেয়েছে তার কনে সাজ।
বরের সাজে আদর আজাদও ছিলেন নজরকাড়া। লাল কারুকাজ করা পাঞ্জাবিতে তাকে অপু বিশ্বাসের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন অপু বিশ্বাস। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’।
বিশেষ এই ফটোশুটের মেকওভারের নেপথ্যে থাকা ব্যক্তিদের পাশাপাশি শুটের স্টাইলিং, ধারণা, গহনা ও পোশাকেরও কৃতজ্ঞতা জানিয়েছেন অপু। ছবিতে কখনো অপুর লাল দোপাট্টার নিচে আদর আজাদকে দেখা গেছে, আবার কখনো দুজনকে পাশাপাশি রাজকীয় ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে।
অপু বিশ্বাস ও আদর আজাদের এই ব্রাইডাল ফটোশুটের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের অনুসারীদের মধ্যেই বেশ সাড়া ফেলেছে।
মন্তব্য করুন