আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবার, ২০২৬, ১১:২৯ এ এম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (৫ অক্টোবর) তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে পেজেশকিয়ানকে উদ্ধৃত করে বলা হয়, ‘যে শত্রু প্রতিদিন হত্যা, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি দেয় এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার সঙ্গে আলোচনা করার কোনো অর্থ নেই। আমাদের জনগণও এমন পদ্ধতি মেনে নেবে না।’

অন্যদিকে ইয়েমেনে হুথিদের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের মধ্যে সৌদি আরবের সঙ্গে করা দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার ইউরোপ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি মেনে চলবে।

রুবিও বলেন, হুথিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে সৌদি আরবকে সহায়তায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি সোমবার রাজধানী সানা পুনর্দখল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর লক্ষ্যে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুথিরা ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে।

ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা বাব আল-মান্দাব প্রণালির কাছে ধুবাব এলাকা ও কয়েকটি কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণে নিয়েছে। এই প্রণালিটি আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান জোরদার করেছে। ওয়াশিংটন এখন পর্যন্ত সরাসরি সামরিক হামলায় অংশ নেওয়ার কথা জানায়নি; বরং সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করার কথা বলা হয়েছে।

মন্তব্য করুন