প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) পরিসংখ্যান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একজন নারী শিক্ষার্থীকে উত্যক্তের অভিযোগে ৩ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন সোহাগ (১৯), তাজিম (১৯), সম্পদ (২১) ও ইউসুফ (২১)।
জানা গেছে গতকাল (৬ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘোনাপাড়া মোড় থেকে ওই নারী শিক্ষার্থী প্রেজেন্টেশন শেষে তার বন্ধুদের সাথে ফিরছিলেন। এসময় উত্যক্তকারীরা নারী শিক্ষার্থীর সাথে থাকা ছেলে সহপাঠীকে হুমকি-ধমকি দিয়ে পরিচয় ও ফোন নাম্বার চান। বিপদ বুঝতে পেরে তারা অটোরিকশাতে চড়ে ক্যাম্পাসের দিকে ফিরলে পিছু নেয় বখাটেরা। পরে ক্যাম্পাসে এসেও উত্যক্তের চেষ্টা করে তারা। এ ঘটনা জানার পরে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে পড়েন এবং তাদেরকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান।
এদিকে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। প্রক্টর বিষয়টি গোপালগঞ্জ সদর থানায় অবহিত করলে পুলিশ এসে ৩ জনকে গ্রেফতার করে, বাকি ১ জন পালিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ৩ জন অভিযুক্তকে আটকের পাশাপাশি পলাতক একজনকে আটকেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
সার্বিক বিষয়ে প্রক্টর ড. আহসান সৌরভ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা করা হয়েছে। পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশর বিষয়ে তিনি বলেন, আমরা প্রতিটি গেইটে কঠোর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দিয়েছি গার্ডদেরকে। ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করে যেন প্রবেশ করে, সে বিষয়ে তারা তৎপর থাকবে।
মন্তব্য করুন