প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লাকসামে চেম্বার বন্ধ এবং ভুয়া চিকিৎসক উল্লেখ করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মো. দেলোয়ার হোসেন।
বুধবার (৭ অক্টোবর) লাকসামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘ ২২ বছর ধরে দেশে-বিদেশে বিকল্প ধারার চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত এবং দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তাঁর দাবি, ‘ভুয়া চিকিৎসক’ বলতে যাঁদের কোনো প্রাতিষ্ঠানিক ও আইনগত স্বীকৃতি নেই, তাঁদের বোঝায়। তিনি নিজেকে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
তিনি আরও দাবি করেন, বিকল্প ধারার চিকিৎসকদের পেশাগত কার্যক্রম পরিচালনা নিয়ে জটিলতার পর তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে রিট পিটিশন করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রিট পিটিশন নম্বর ৫৩৫/২০১৯-এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর ২০২০ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এবং পরবর্তী সময়ে ৫ জানুয়ারি ২০২২ স্বাস্থ্য অধিদপ্তরের আইন শাখার প্রজ্ঞাপনের আলোকে তিনি কার্যক্রম পরিচালনা করছেন।
দেলোয়ার হোসেনের অভিযোগ, সম্প্রতি লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় স্যানিটারি ইন্সপেক্টর মিল্টন কিছু সাংবাদিকের প্ররোচনায় আইনবহির্ভূতভাবে তাঁর চেম্বার বন্ধ করে দেন। এ বিষয়ে তিনি আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ দিয়েছেন বলেও জানান। তাঁর দাবি, পরে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর আইনজীবীকে ফোন করে চেম্বারে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর কাছে সংশ্লিষ্ট আদালতের নথি ও সরকারি প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আবু হানিফ, মাওলানা বেল্লাল হোসেন, কামাল হোসেন পাটোয়ারী ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন