নাজমুল হুদা

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ১১:২৫ এ এম

অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের উর্ধগতি তৈরি হয়েছে : ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন করে দেশের বাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ভোর ৬টায় এই আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, সরবরাহ সংকট ও সাধারণ মানুষের দুর্ভোগ সম্পর্কে সরেজমিন খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বাজার ব্যবস্থাপনায় অনিয়মের চিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের উর্ধগতি তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। পাশাপাশি মূল্যস্ফীতির এই চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিজেদের রাজনৈতিক অবস্থানের কথাও স্পষ্ট করেন তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াত আমির।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে নেতারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

মন্তব্য করুন