প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের অনুমোদনে শর্তসাপেক্ষে এই নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে চার বছর বা অবসর, যেটি আগে হবে সেই পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আনিসুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. গোলাম রব্বানী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
এই নিয়োগের প্রেক্ষাপটে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের আমলে নিয়োগ পাওয়া শীর্ষ পদধারীরা একে একে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর অন্তর্বর্তী সরকার ৫৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়। তবে তাদের একটি অংশ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে পড়েন। অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের তালিকায় রয়েছেন বলে জানা গেছে।
বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে গত মার্চে প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়। বৃহস্পতিবারের নিয়োগ সেই ধারাবাহিকতার অংশ। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন একই দিনে জারি হওয়ার কথা বলে জানা গেছে।
মন্তব্য করুন