প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাত সরাসরি যুক্ত ছিল বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে আমিরাতের জোট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এই অভিযোগ করেন আরাঘচি। তার সরকারি টেলিগ্রাম চ্যানেলেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরাঘচি বলেন, "আমাকে অবশ্যই বলতে হবে, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় ইউএই সরাসরি জড়িত ছিল। তারা তাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম মোতায়েনের সুযোগ দিয়েছে।"
২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গ টেনে আমিরাতকে কড়া বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "আপনাদের সেই জোটও আপনাদের রক্ষা করতে পারেনি। ইরানের প্রতি আপনাদের নীতি পুনর্বিবেচনা করুন।"
উল্লেখ্য, মার্কিন মধ্যস্থতায় 'আব্রাহাম অ্যাকর্ডস'র আওতায় ২০২০ সালে ইউএই ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লি এসেছেন আরাঘচি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। ব্রিকস বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন