চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০৮:২৭ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ

ছবি: তরুণ কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা।

৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, ১২ মে রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) একটি বিশেষ টহলদল জহুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রাম থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

অপরদিকে, ১৩ মে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ৫৩ বিজিবির চারটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে আরও ৪টি ভারতীয় গরু জব্দ করে। এর মধ্যে হাকিমপুর বিওপি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি, ফরিদপুর বিওপি কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করে। এসব গরুর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা।

জব্দকৃত সব গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

৫৩ বিজিবি জানায়, চলতি মে মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন