মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৫:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা নিয়ে আলোচনায় তুষার ইমরান সরকার

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনকে ঘিরে ব্যতিক্রমধর্মী প্রচারণা ও সরাসরি গণসংযোগের মাধ্যমে আলোচনায় এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী তুষার ইমরান সরকার। মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনা এবং জনমুখী উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে তিনি ইতোমধ্যেই ভোটারদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শহরের বড়বাজার, নিচের বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন তুষার ইমরান সরকার। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যা, প্রত্যাশা ও নাগরিক দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে তার নির্বাচনী অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরেন।

গণসংযোগে নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন পৌরসভা গঠন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তুষার ইমরান সরকার।

এ সময় তুষার ইমরান সরকার বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, মানুষের পাশে থেকে আন্তরিকভাবে কাজ করলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা সুযোগ দিলে ইনসাফ, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি বাসযোগ্য পৌরসভা গঠনে কাজ করবো।”

গণসংযোগ অনুষ্ঠানে পৌর সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সদর উপজেলা সেক্রেটারি আশিকুল আলম সজীব, পৌর সেক্রেটারি নাসির উদ্দিন, যুবনেতা লিটন মাহমুদ, ছাত্রনেতা আরিফুল ইসলাম, সাইফ ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানুষের কাছে গিয়ে সরাসরি যোগাযোগভিত্তিক এই প্রচারণা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ভোটারদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন