প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
সাংবিধানিক নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার সংবিধানের বিধান অক্ষরে অক্ষরে পালন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, অতীতের মতো নির্বাচন বর্তমান সরকার করবে না। বিগত সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা গণতান্ত্রিক ছিল না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ভিন্নধারার ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গণতন্ত্র প্রসঙ্গে ড. মঈন খান বলেন, একটি মহল তাদের দলকে ‘ক্যান্টনমেন্টের দল’ বলে উল্লেখ করলেও বাস্তবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে আওয়ামী লীগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য।
মন্তব্য করুন