প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন। তার এই নতুন রূপ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসা কুড়াচ্ছে।
সম্প্রতি নিজের ব্লগ সিরিজের একটি পর্বে খালেদা জিয়ার চরিত্রে উপস্থিত হন চমক। ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ শিরোনামের ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে এই ভিডিও প্রকাশ করা হয়। এতে তাকে খালেদা জিয়ার পরিচিত পোশাক ও সাজে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটির ক্যাপশনে চমক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের মা এবং রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন। ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে এবং স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে।
ভিডিওতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়, যা খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তার এই উপস্থাপনা ও অভিনয় অনেক দর্শকের কাছে বাস্তবসম্মত মনে হয়েছে বলে মন্তব্য উঠে এসেছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশ দর্শক তার অভিনয়, সাজসজ্জা ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, মুহূর্তের জন্য মনে হয়েছে যেন খালেদা জিয়াই পর্দায় উপস্থিত হয়েছেন।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরে ২০২০ সালের দিকে ছোটপর্দায় অভিনয় শুরু করে বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্লগিংয়েও সক্রিয় তিনি।
এর আগে চলতি বছর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেও আলোচনায় এসেছিলেন চমক।
মন্তব্য করুন