প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে 'সেকেন্ড ওপিনিয়ন' বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবা চালুর ঘোষণা দিয়েছে ভারতের হায়দরাবাদভিত্তিক স্টার হাসপাতাল। রবিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সেবার বিস্তারিত তুলে ধরা হয়। সেবাটির আওতায় বাংলাদেশি রোগীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভারতের অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে মতামত নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে স্টার হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. বিপিন গোয়েল হাসপাতালের আধুনিক ক্যানসার চিকিৎসা সুবিধাগুলো তুলে ধরেন। তিনি অত্যাধুনিক ক্যানসার সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সময়মতো বিশেষজ্ঞ মতামত নেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেন। তার ভাষ্যমতে, সঠিক সময়ে বিশেষজ্ঞ পরামর্শ রোগী ও পরিবারকে চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানা গেছে, বাংলাদেশে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে স্টার হাসপাতালের স্থানীয় মেডিকেল ট্রাভেল পার্টনার কেয়ারট্রিপ ডটকমের সহযোগিতায়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এই সেবা সম্পর্কে বিস্তারিত জানানো হয়, কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজে এই সেবা পাওয়া যাবে এবং তা বাংলাদেশি ক্যানসার রোগীদের বিশেষজ্ঞ পরামর্শ পেতে কীভাবে সহায়ক হবে।
আয়োজকরা জানান, এই সেবার মূল লক্ষ্য হলো ক্যানসার চিকিৎসা নিয়ে রোগী ও পরিবারের অনিশ্চয়তা দূর করা এবং ভারতে যাওয়ার আগেই তাদের রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা যাচাই করার সুযোগ করে দেওয়া।
হায়দরাবাদের বানজারা হিলস ও নানাকরামগুড়া এলাকায় অবস্থিত স্টার হাসপাতালে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, সার্কভুক্ত দেশসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক ট্রুবিম লিনিয়ার অ্যাক্সিলারেটর, ডিজিটাল পিইটি-সিটি, ১২৮-স্লাইস সিটি স্ক্যান, ৩ টেসলা এমআরআই, রোবোটিক সার্জারি এবং বোন ম্যারো ও স্টেম সেল প্রতিস্থাপনসহ আধুনিক চিকিৎসাব্যবস্থা রয়েছে।
মন্তব্য করুন