তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:০৫ পিএম

অনলাইন সংস্করণ

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। একই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য ছিল ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার

বাণিজ্য অংশীদারদের তালিকায় বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে চীন।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়ার ক্ষেত্রে দেশটি থেকে পণ্য আমদানি বৃদ্ধির ভূমিকা রয়েছে। গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

মার্কিন শুল্ক নীতির চাপ সামলাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর কৌশল নেয়। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন বীজ, তুলা ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বেড়েছে।

এ ছাড়া মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্তও দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

অন্যদিকে ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য কিছুটা কমেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন নিয়মকানুন ও পাল্টাপাল্টি পদক্ষেপের প্রভাব বাণিজ্যে পড়েছে।

বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করেছে। এর বিপরীতে ভারত কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য অন্য দেশে পাঠানোর বিশেষ সুবিধা তুলে নিয়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য ভারতের সঙ্গে মোট বাণিজ্যের চেয়ে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার বেশি হয়েছে।

মন্তব্য করুন