আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

ব্রিকস সম্মেলন শেষে তাড়াহুড়া করে ভারত ছাড়লেন শি জিনপিং

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে এক দিনের সফর শেষে চীনে ফিরেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার (১৩ সেপ্টেম্বর) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার পর তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

শনিবার উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে নয়াদিল্লিতে পৌঁছান শি জিনপিং। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। তবে সম্মেলনের প্রথম দিনে মোদির আয়োজিত নৈশভোজে চীনা প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন না।

সফরকালে নয়াদিল্লির ‘তাজ প্যালেস’ হোটেলে অবস্থান করেন শি জিনপিং। তার নিরাপত্তাকে কেন্দ্র করে হোটেলটিকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়। সেখানে সন্ত্রাসবিরোধী ইউনিট ও বোমা নিষ্ক্রিয়করণ দল মোতায়েন ছিল। হোটেলের কক্ষগুলোও আগে থেকেই সংরক্ষিত রাখা হয়েছিল।

১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের ব্রিকস সম্মেলনে বিশ্ব ভূরাজনীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত, বাণিজ্য ও বৈশ্বিক আর্থিক কাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন কোনো যৌথ বিবৃতি ছাড়াই শেষ হলেও নয়াদিল্লির মূল সম্মেলন শেষে সদস্য রাষ্ট্রগুলো একটি যৌথ বিবৃতি প্রকাশে সক্ষম হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে অন্য বিশ্বনেতাদের সঙ্গে যৌথ ছবি তোলার পর মূল অধিবেশনে অংশ নেন শি জিনপিং। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্যে তিনি বলেন, ‘এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের পক্ষে নয়।’

সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ব্রিকসের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।

বর্তমানে ১১ সদস্যের ব্রিকস জোটে বিশ্ব অর্থনীতি ও জনসংখ্যার একটি বড় অংশের প্রতিনিধিত্বকারী দেশগুলো রয়েছে। এবারের সম্মেলনে অপ্রচলিত নিরাপত্তা ঝুঁকি, বাণিজ্য ও বৈশ্বিক আর্থিক কাঠামো নিয়ে আলোচনা হয়। বৈশ্বিক লেনদেনে ‘সুইফট’-এর বিকল্প এবং সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণের বিষয়ও আলোচনায় আসে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে রোববার বিকেলে কর্মসূচি শেষ করে চীনের উদ্দেশে রওনা হন শি জিনপিং।

মন্তব্য করুন