তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৫:৪২ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। বিশেষ করে দেশের পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন সাক্ষাতের বিষয়টি জানান।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশেষভাবে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি উঠে আসে।

শেভরন বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অনুসন্ধান ও পুরোনো গ্যাসক্ষেত্রের উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগের আগ্রহ বাংলাদেশের জ্বালানি সরবরাহ ও গ্যাস অনুসন্ধান কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শেভরনের পক্ষ থেকে বিনিয়োগের আগ্রহের কথা জানানো হলেও নির্দিষ্ট বিনিয়োগের পরিমাণ, প্রকল্পের সময়সীমা বা নতুন গ্যাসক্ষেত্রের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

মন্তব্য করুন