তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪৩ মিনিট আগে, ০৬:১৭ পিএম

অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে র‍্যাব; আইনশৃঙ্খলা রক্ষায় গঠিত হচ্ছে নতুন বাহিনী ‘এসআরবি’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারি, স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহুল আলোচিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের লক্ষ্যে উত্থাপিত বিলটি সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন। পরবর্তীতে বিরোধী দলের তীব্র আপত্তি ও সংশোধনী প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে প্রস্তাবিত বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলটির একাধিক ধারা এবং নীতিগত স্থানান্তর নিয়ে সংসদে কড়া আপত্তি তোলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি উত্থাপিত বিলটি অনুমোদন না করার জন্য স্পিকারের মাধ্যমে আহ্বান জানান। তবে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ব্যাটালিয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন এবং বিরোধী দলের আপত্তি উপেক্ষা করেই সংসদ শেষ পর্যন্ত বিলটি পাসের পক্ষে রায় দেয়।

আইনপ্রণেতারা জানান, এই নতুন আইন পাসের ফলে বিদ্যমান র‍্যাব বিলুপ্ত হবে এবং বাহিনীর অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, সদস্যদের জন্য আধুনিক মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে সর্বোচ্চ জবাবদিহি নিশ্চিত করার একটি আইনি কাঠামো গড়ে উঠবে।

 

মন্তব্য করুন