তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১১ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু; শনাক্ত ছাড়াল ১ লাখ ৬৮ হাজার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। এদের মধ্যে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০৯ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। একই সময়ে নতুন করে ২৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, যার মাধ্যমে মোট শনাক্ত হওয়া নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন রোগী, যার মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোগতত্ত্ববিদদের মতে, সব বয়সী মানুষের হাম হতে পারে, তবে শিশুদের মধ্যে এর ঝুঁকি সবচেয়ে বেশি। তাই প্রাদুর্ভাব চলাকালে হামের উপসর্গ নিয়ে যেকোনো মৃত্যুকে সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

 

মন্তব্য করুন